মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে টেলিফোনে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুই নেতার এই আলাপে হরমুজের স্থিতিশীলতা রক্ষায় একটি ‘কার্যকর পরিকল্পনা’ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানান, হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো যাতে কোনো বাধা ছাড়াই যাতায়াত করতে পারে, তা নিশ্চিত করাই এই ফোনালাপের মূল লক্ষ্য ছিল। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দুই দেশ একটি সমন্বিত ও শক্তিশালী কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে একমত হয়েছে।
বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোতে এক গুরুত্বপূর্ণ সফর করছেন। এই সফরের অংশ হিসেবে তিনি কাতার, সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকেও লোহিত সাগর ও হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুটি প্রাধান্য পেয়েছে।
ব্রিটিশ এই নেতা এর আগে বলেছিলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য কোনো ধরনের মাশুল বা টোল থাকা উচিত নয়।
উল্লেখ্য যে, সাম্প্রতিক যুদ্ধের পর ইরান হরমুজ প্রণালিতে নতুন এক ব্যবস্থাপনা চালুর ঘোষণা দিয়েছে। তেহরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই পথ ব্যবহারকারী জাহাজগুলোকে এখন থেকে টোল দিতে হবে। এমনকি যুদ্ধের সময় কিছু জাহাজ থেকে ইরান অর্থ সংগ্রহ করেছে বলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

