১৯৭৯ সালের পর এই প্রথমবার, দীর্ঘ ৪৭ বছর পর সরাসরি এক টেবিলে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শুরু হয়েছে এই ত্রিপক্ষীয় বৈঠক।
বৈঠকটিতে সভাপতিত্ব করছেন আসিম মুনির, যিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে এই সংবেদনশীল আলোচনায় সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। এর আগে দুই পক্ষের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ বা আলাদা আলাদা বৈঠক চললেও, এবারই প্রথম তারা একই প্ল্যাটফর্মে মুখোমুখি হয়েছে।
ইসলামাবাদে অবস্থানরত বিবিসি ফারসি-এর এক সংবাদদাতা জানিয়েছেন, এই তথ্য সঠিক হলে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক দল পাকিস্তানের উপস্থিতিতে আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে।
এদিকে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এটি হতে যাচ্ছে দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা। একই তথ্য নিশ্চিত করে আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানের রাজধানীতে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল শুক্রবার (১০ এপ্রিল) রাতে ইসলামাবাদে পৌঁছায়, আর মার্কিন প্রতিনিধিদল পৌঁছায় শনিবার (১১ এপ্রিল) সকালে। এর আগে, একই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ-এর সঙ্গে পৃথক বৈঠক করে দুই পক্ষই।
সেসব বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। সূত্র: আলজাজিরা
ইসলামাবাদে সরাসরি আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র
নোবেল পুরস্কারের দাবিতে পাকিস্তান: আসিম মুনির ও শাহবাজের নাম প্রস্তাব
