হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে, ড্রোন নজরদারির ভিডিও প্রকাশ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩১ এএম

বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর মধ্যে উত্তেজনা এখন চরমে। একদিকে ইরান ড্রোন নজরদারির ভিডিও প্রকাশ করে প্রণালিটির ওপর নিজেদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণের দাবি করছে, অন্যদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানকে ‘টোল’ বা মাশুল দিয়ে চলাচলকারী জাহাজগুলো আটকে দেবে মার্কিন নৌবাহিনী।

সোমবার (১৩ এপ্রিল) আইআরজিসি হরমুজ প্রণালিতে নজরদারির একটি বিশেষ ড্রোন ভিডিও প্রকাশ করেছে। ভিডিওর ক্যাপশনে তেহরান দাবি করেছে, ওই এলাকায় প্রতিটি নৌযানের চলাচল এখন ইরানি বাহিনীর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে। 

ভিডিওটি প্রকাশের পরপরই আইআরজিসি নৌ কমান্ড কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘যদি কেউ হরমুজ প্রণালি নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা সামরিক তৎপরতা চালানোর চেষ্টা করে, তবে তারা ভয়াবহ বিপদে পড়বে।’

এদিকে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়েছেন। তিনি জানান, ইরানের সাথে পারমাণবিক ইস্যুসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সমঝোতা হয়নি। ট্রাম্প বলেন, ‘ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জাহাজের ওপর টোল আরোপ করেছে। আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি আন্তর্জাতিক জলসীমায় সেই সমস্ত জাহাজ আটকে দিতে, যেগুলো ইরানকে টোল বা অর্থ পরিশোধ করেছে।’

তিনি আরও বলেন, ‘যে ইরানকে টোল দেবে, সে এই পথে নিরাপদে চলতে পারবে না। খুব শীঘ্রই মার্কিন নৌবাহিনী এই অবরোধ শুরু করবে।’ 

এছাড়া হরমুজ প্রণালিতে ইরান যে সব মাইন বসিয়েছে, সেগুলো ধ্বংস করার জন্য বিশেষ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরান আগেভাগেই জানিয়ে রেখেছে, যদি তাদের কোনো অবকাঠামো আক্রান্ত হয়, তবে তারা ইসরায়েলসহ এই অঞ্চলের অন্যান্য দেশে থাকা মার্কিন ও ইসরায়েলি স্থাপনাগুলো গুঁড়িয়ে দেবে।

FJ
আরও পড়ুন