ইরান আলোচনায় ফিরুক বা না ফিরুক কিছু যায় আসে না: ট্রাম্প

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৮ এএম

পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর তেহরানকে নিয়ে আবারও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান আলোচনার টেবিলে ফিরুক বা না ফিরুক- তাতে তার ‘কিছু যায় আসে না’ (আই ডোন্ট কেয়ার)।

রোববার (১২ এপ্রিল) রাতে ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পর ম্যারিল্যান্ডের ‘জয়েন্ট বেস অ্যান্ড্রুজ’ সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইসলামাবাদে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা ব্যর্থ হয়েছে কারণ তেহরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে রাজি নয়। তিনি বলেন, ‘তারা (ইরান) এখনও পারমাণবিক অস্ত্র চায় এবং গত রাতের বৈঠকে তারা তা স্পষ্ট করে দিয়েছে। তবে আমি পরিষ্কার করে বলছি-ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’

আলোচনা ব্যর্থ হলেও দুই দেশের মধ্যে বর্তমানে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ‘ভালোভাবে কার্যকর’ রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। 

এদিকে আলোচনার ব্যর্থতা নিয়ে ভিন্ন দাবি করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, দুই পক্ষ চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু ওয়াশিংটনের পক্ষ থেকে বারবার শর্ত পরিবর্তন, নিয়ম বদল এবং নতুন করে কঠোর অবরোধের হুমকির কারণে আলোচনা ভেস্তে গেছে। সূত্র: রয়টার্স ও এপি।

FJ
আরও পড়ুন