ভারতীয় চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু আগামী সপ্তাহে

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পিএম

সম্পর্কের টানাপোড়েনের কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রায় বন্ধ রয়েছে অনেক দিন ধরে। তবে আগামী সপ্তাহে চিকিৎসা (Medical) ও বাণিজ্যিক (Business) ভিসা খুলে দেওয়ার বিষয় ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তিনি নিজে তিন দিনের দিল্লি সফর করেছেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা অমীমাংসিত ও গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওই সফরের ধারাবাহিকতায় ভারত আগামী সপ্তাহেই এই দুই ক্যাটাগরির ভিসা উন্মুক্ত করার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে।

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ সমুন্নত রেখেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বিশ্বাস করি, ইতিবাচক মনোভাব বা ‘মাইন্ড সেট’ থাকলে দুই দেশের সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে। বিএনপি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, তাই ভারত সরকারের সঙ্গে কাজ করতে কোনো সমস্যা হবে না।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘তাকে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা সমস্যা সমাধানে উভয় পক্ষই ইতিবাচক অবস্থানে রয়েছে।’

বৈঠকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশ দিয়েই শুরু হবে, তবে সেটি কোন দেশ তা এখনও চূড়ান্ত হয়নি।

FJ
আরও পড়ুন