ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান পাচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম

ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর নেতৃত্বে একজন নারীকে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার সরকার জানায়, লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল জুলাই মাস থেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

রয়টার্স জানিয়েছে, কোয়েল বর্তমানে চিফ অফ জয়েন্ট ক্যাপাবিলিটিজ পদে আছেন। জুলাইয়ে সেনাপ্রধান হিসেবে তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন।

অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী তাদের অফিসার র‌্যাঙ্কে নারী কর্মকর্তার সংখ্যা বাড়াতে চাইছে। সেই ধারাবাহিকতায়ই কোয়েলকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হল।

এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, জুলাই থেকে আমরা সেনাবাহিনীর প্রথম নারী প্রধানকে পাবো। তিনি অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস কোয়েলের নিয়োগকে একটি ‘যুগান্তকারী ঐতিহাসিক মুহূর্ত’ বলে বর্ণনা করেছেন।

বর্তমানে ৫৫ বছর বয়সী কোয়েল ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীতে যোগ দেন। পরবর্তীতে তিনি সেনাবাহিনীর অনেকগুলো দায়িত্বশীল পদ সামলেছেন। দেশটির সামরিক বাহিনীর সবগুলো শাখার মধ্যে তিনিই প্রথম একটির নারী প্রধান হতে যাচ্ছেন।

সুসান কোয়েলকে এমন সময়ে নিয়োগ দেওয়া হয়েছে, যখন অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী তাদের নারী কর্মকর্তার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে বাহিনীর ভেতরে পদ্ধতিগত যৌন হয়রানি ও বৈষম্যের একাধিক অভিযোগও উঠেছে।

গত অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেখানে যৌন নির্যাতন, হয়রানি ও বৈষম্য থেকে হাজারো নারী কর্মকর্তাকে রক্ষা করতে বাহিনী ব্যর্থ হয়েছে বলে অভিযোগ আনা হয়।

YA
আরও পড়ুন