দক্ষিণ চীন সাগরে অবস্থিত কৌশলগত এবং বিরোধপূর্ণ স্প্রাটলি দ্বীপপুঞ্জ এলাকায় চীনা জেলেরা বিষাক্ত সায়ানাইড ঢালছে বলে অভিযোগ করেছে ফিলিপাইন।
ফিলিপাইনের দাবি, ফিলিপিনো সৈন্যদের খাদ্য উৎস ধ্বংস করতে এবং সামুদ্রিক পরিবেশের ক্ষতি করতে পরিকল্পিতভাবে এই ‘নাশকতামূলক’ কাজ করা হচ্ছে।
ফিলিপাইনের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, গত বছর থেকে ‘সেকেন্ড টমাস শোল’ এলাকায় সায়ানাইড ব্যবহার শুরু হয়েছে। এর মূল লক্ষ্য হলো মাছ মেরে ফেলা, যাতে সেখানে মোতায়েন থাকা ফিলিপিনো নৌ-সেনারা খাবারের সংকটে পড়ে।
ফিলিপাইন নৌবাহিনী জানিয়েছে, গত বছর চীনা নৌকা থেকে তারা সায়ানাইডের ১০টি বোতল জব্দ করেছে। এমনকি গত মাসেও পানি বিষাক্ত করার সময় চীনা ক্রুদের হাতেনাতে দেখা গেছে এবং ল্যাব পরীক্ষায় পানির নমুনায় সায়ানাইডের উপস্থিতি মিলেছে।
এদিকে চীন এই অভিযোগকে ‘প্রহসন’ বলে উড়িয়ে দিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকিন বলেছেন, এই দাবি সম্পূর্ণ অবিশ্বাস্য এবং খণ্ডন করারও যোগ্য নয়। উল্টো ফিলিপাইনই চীনা মাছ ধরার নৌযানগুলোকে অবৈধভাবে হয়রানি করছে বলে দাবি বেইজিংয়ের।
এই ঘটনার প্রেক্ষিতে ফিলিপাইন ওই এলাকায় নৌ-টহল জোরদার করেছে এবং বেইজিংয়ের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য যে, গত কয়েক বছর ধরে দক্ষিণ চীন সাগরের আধিপত্য নিয়ে চীন, ফিলিপাইনসহ কয়েকটি দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। সূত্র: বিবিসি
যে কারণে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া
মার্কিন সংবাদমাধ্যমের ওপর চটলেন ট্রাম্প
