ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা প্রশমনে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে নিষেধাজ্ঞা শিথিলতার সুযোগে রাশিয়ার তেল রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি।
সংস্থাটির সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, মার্চ মাসে রাশিয়ার তেল ও তেলজাত পণ্যের রপ্তানি বেড়ে দৈনিক প্রায় ৭১ লাখ ব্যারেলে পৌঁছেছে, যা ফেব্রুয়ারির তুলনায় নাটকীয় উত্থান নির্দেশ করে। এর ফলে দেশটির মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ১৯ বিলিয়ন ডলার, যা আগের মাসের তুলনায় প্রায় দ্বিগুণের কাছাকাছি।
এই প্রবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্ত। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আরোপিত বিধিনিষেধের আওতায় থাকা রুশ অপরিশোধিত তেলের একটি অংশ, যা ইতোমধ্যে সমুদ্রে ছিল, তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্রয়ের অনুমতি দেওয়া হয়, যা সরবরাহ প্রবাহ স্বাভাবিক রাখতে সহায়ক হয়েছে।
সাময়িকভাবে এসব নিষেধাজ্ঞা শিথিলের কারণেই আন্তর্জাতিক বাজারে রুশ তেলের সরবরাহ বেড়ে যায়, পাশাপাশি বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণেও এটি একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে।
সূত্র: আলজাজিরা
যুদ্ধের মধ্যেও রেকর্ড পরিমাণ তেল বিক্রি করলো ইরান
১০০ ডলারের নিচে জ্বালানি তেলের দাম 
