যুদ্ধ উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রাজা চার্লস

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পিএম

ইরান যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও লন্ডনের মধ্যে চলা কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ব্রিটিশ রাজা চার্লস।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাকিংহাম প্যালেস নিশ্চিত করেছে যে, চলতি মাসের শেষের দিকে ৪ দিনের এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একান্ত বৈঠক করবেন এবং মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।

বাকিংহাম প্যালেসের ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রাজা চার্লস ও রানি ক্যামিলা ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং ভার্জিনিয়া সফর করবেন।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে দীর্ঘ পরিকল্পনার পর এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। তবে সফরের সময়টি অত্যন্ত সংবেদনশীল; কারণ সম্প্রতি ইরান অভিযানে ব্রিটেনের পূর্ণ সমর্থন না থাকায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং তার সরকারের ওপর বারবার ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষাপটে অনেক ব্রিটিশ আইনপ্রণেতা রাজার এই সফর নিয়ে প্রশ্ন তুললেও শেষ পর্যন্ত রাজপ্রাসাদ সফরটি নিশ্চিত করেছে।

সফরের সূচি অনুযায়ী

  • ব্যক্তিগত বৈঠক: ওয়াশিংটনে পৌঁছানোর পর রাজা চার্লস ও রানি ক্যামিলা প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাথে একান্ত বৈঠক করবেন।
  • ঐতিহাসিক ভাষণ: চার্লস মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। ১৯৯১ সালে রানি এলিজাবেথের পর তিনি দ্বিতীয় ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিসেবে এই সম্মান পেতে যাচ্ছেন।
  • সামরিক সম্মান ও স্টেট ডিনার: দুই দেশের সামরিক অংশীদারিত্বের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠান এবং স্টেট ডিনারের আয়োজন করা হয়েছে।
  • নিউইয়র্ক ও ভার্জিনিয়া সফর: নিউইয়র্কে তারা ৯/১১-এর শহীদদের শ্রদ্ধা জানাবেন এবং খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা একটি সংস্থার সাথে দেখা করবেন। ভার্জিনিয়ায় স্থানীয় আদিবাসী গোষ্ঠী এবং পরিবেশ সংরক্ষণবাদী দলগুলোর সাথে তাদের সাক্ষাতের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র সফর শেষে রাজকীয় এই দম্পতি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি বারমুডায় দুই দিনের সফরে যাবেন। সূত্র: সিএনএন

YA/SN
আরও পড়ুন