ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার মাঝে কিছুটা স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছে ইসরায়েল। বুধবার (১৫ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক ইসরায়েলি সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে তেহরানে অবস্থান করছে পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, যার নেতৃত্বে রয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তারা মূলত ওয়াশিংটনের বিশেষ বার্তা নিয়ে তেহরানে গেছেন এবং দুই পক্ষের মধ্যে আলোচনার পথ সুগম করার চেষ্টা করছেন।
আঞ্চলিক কর্মকর্তাদের তথ্যমতে, বর্তমানে কার্যকর থাকা যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা। তবে মধ্যস্থতাকারীরা চাচ্ছেন এই মেয়াদ আরও অন্তত দুই সপ্তাহ বাড়াতে, যাতে করে দীর্ঘমেয়াদী সমাধানের একটি পথ বের করা যায়। জানা গেছে, ইরান ও যুক্তরাষ্ট্র- উভয় পক্ষই এই মেয়াদ বৃদ্ধিতে ‘নীতিগতভাবে’ একমত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মধ্যস্থতা প্রচেষ্টার সঙ্গে জড়িত একজন কর্মকর্তা বলেন, মধ্যস্থতাকারীরা তিনটি প্রধান বিতর্কিত বিষয়-পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি এবং যুদ্ধের ক্ষতিপূরণ নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কাজ করছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি (IRIB) জানিয়েছে, তেহরানে পাকিস্তানের প্রতিনিধিদলের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হতে পারে। সূত্র: রয়টার্স, আল জাজিরা।
ইসরায়েলে ৪০টিরও বেশি রকেট হামলা হিজবুল্লাহর