আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) ‘হজ ফ্লাইট-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সাড়ে ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এবারের হজ ব্যবস্থাপনায় বড় সুখবর হলো বিমান ভাড়ার হ্রাস। গতবারের তুলনায় এবার টিকিট প্রতি ১২ হাজার টাকা কম খরচ করতে হচ্ছে হজযাত্রীদের। বর্ধিত ফ্লাইট শিডিউল ও কম ভাড়ায় উন্নত যাত্রী সেবা নিশ্চিত করতে কাজ করছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।
হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছেছে। বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় জানাতে সব ধরণের দাপ্তরিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
