বন্ধ হচ্ছে লন্ডনের শীর্ষ ইহুদি বেসরকারি স্কুল

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৯ এএম

যুক্তরাজ্যের লন্ডনের উপকণ্ঠে অবস্থিত শীর্ষস্থানীয় ইহুদি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইম্যানুয়েল কলেজ চলতি বছরের শেষে বন্ধ হয়ে যাচ্ছে। আর্থিক সংকট ও শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়াকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর টাইমস অব ইসরাইল।

স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান ড্যানিয়েল লেভি এক বিবৃতিতে বলেন, ‘এটি অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক মুহূর্ত। ৩৫ বছরের বেশি সময় ধরে ইম্যানুয়েল কলেজ শিক্ষা ও কমিউনিটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।’

১৯৯০ সালে ব্রিটিশ কমনওয়েলথের সাবেক প্রধান রাব্বি লর্ড ইম্যানুয়েল জ্যাকোবোভিটস এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এখানে ১০ থেকে ১৮ বছর বয়সি প্রায় ৩৬০ শিক্ষার্থী পড়াশোনা করছে। গত বছরই আর্থিক চাপে স্কুলটির প্রাথমিক শাখা বন্ধ হয়ে যায়।

২০২৫ সালে দ্য সানডে টাইমস প্যারেন্ট পাওয়ার গাইডে এটি যুক্তরাজ্যের সেরা পারফর্মিং ইহুদি স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তবুও সাম্প্রতিক সময়ে শিক্ষার্থী কমে যাওয়া এবং ব্যয় বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটি টিকে থাকতে পারেনি।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যাট আরোপ, মূল্যস্ফীতিজনিত ব্যয় বৃদ্ধি, ন্যাশনাল ইন্স্যুরেন্স অবদান বেড়ে যাওয়া এবং শিক্ষার্থী সংখ্যা হ্রাস—সব মিলিয়ে প্রতিবছর ২০ লাখ পাউন্ডের বেশি ক্ষতি হচ্ছিল।

এদিকে যুক্তরাজ্যের আইনপ্রণেতা অলিভার ডাউডেন এই সিদ্ধান্তকে ‘বেসরকারি স্কুলে ভ্যাট আরোপের আরেকটি শিকার’ হিসেবে উল্লেখ করেছেন।

বিশ্লেষকদের মতে, ইহুদি শিক্ষা ব্যবস্থার ভেতরেও পরিবর্তন এসেছে। বর্তমানে অনেক অভিভাবক ফ্রি সরকারি ইহুদি স্কুলের দিকে ঝুঁকছেন, যা বেসরকারি প্রতিষ্ঠানের ওপর চাপ তৈরি করছে।

স্থানীয় ইহুদি সম্প্রদায়ের অনেকেই এই সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তাদের মতে, এটি শুধু একটি স্কুল বন্ধ হওয়া নয়, বরং একটি দীর্ঘদিনের শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবসান।

HN
আরও পড়ুন