লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি শুরু, বৈরুতে বাঁধভাঙা উল্লাস

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে কার্যকর হয়েছে লেবানন ও ইসরায়েলের মধ্যকার ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। এই স্বস্তির খবর আসার পরপরই লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন শহরের রাজপথে নেমে আসেন সাধারণ মানুষ।

মার্কিন সংবাদ সংস্থা এপি জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার সাথে সাথেই বৈরুতজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। আনন্দ উল্লাসে মেতে ওঠা বাসিন্দারা আকাশ লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়েন এবং আতশবাজি ও রকেট ফুটিয়ে আনন্দ প্রকাশ করেন। সরকারিভাবে এখনই ঘরে না ফেরার পরামর্শ দেওয়া হলেও, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শৈশব ও স্মৃতির টানে রাতেই দক্ষিণ লেবানন ও বৈরুতের শহরতলী থেকে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার পরিবার নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছে।

শান্তি ফিরলেও পরিস্থিতি এখনও বেশ উত্তপ্ত ও ভঙ্গুর। লেবাননি সেনাবাহিনী অভিযোগ করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল দক্ষিণ লেবাননের বেশ কিছু গ্রামে থেমে থেমে গোলাবর্ষণ করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের ১০ কিলোমিটার অভ্যন্তরে তাদের ঘোষিত ‘নিরাপত্তা জোনে’ অবস্থান করবে। তাদের দাবি, হিজবুল্লাহর ‘সন্ত্রাসী তৎপরতা’ রুখতেই এই সতর্ক অবস্থান।

যুদ্ধবিরতির পর ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজবুল্লাহকে এই শান্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আশা করি হিজবুল্লাহ এই গুরুত্বপূর্ণ সময়ে সঠিক কাজ করবে। আর কোনো হত্যা নয়, আমরা শান্তি চাই।’ ট্রাম্প ইতোমধ্যে ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিরতিকে একটি ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’র সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে, হিজবুল্লাহ জানিয়েছে তারা যুদ্ধবিরতি মেনে চলবে, তবে শর্ত হলো লেবাননের আকাশ ও স্থলসীমায় ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি বন্ধ করতে হবে।

উল্লেখ্য, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক ১০ মিনিট আগে পর্যন্ত ইসরায়েলে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ৩৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত