হরমুজ প্রণালি পার হতে আইআরজিসির অনুমতি লাগবে

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ এএম

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে নতুন নিয়ম জারি করেছে ইরান। 

দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এখন থেকে এই প্রণালি অতিক্রম করতে হলে যে কোনো জাহাজকে বাধ্যতামূলকভাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। 

কয়েক সপ্তাহের সামরিক উত্তজনা ও অবরোধের পর এই নতুন ঘোষণাটি সমুদ্রপথে চলাচলের ক্ষেত্রে ইরানের নিয়ন্ত্রণ আরও জোরালো করার ইঙ্গিত দিচ্ছে।

তবে এই কড়াকড়ির মধ্যেও বিশ্ব বাণিজ্যের জন্য কিছুটা নমনীয় অবস্থান দেখিয়েছে তেহরান। রয়টার্সকে দেওয়া এক পৃথক বিবৃতিতে একজন ইরানি কর্মকর্তা স্পষ্ট করেছেন যে পণ্যবাহী বা বাণিজ্যিক জাহাজের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। এমনকি মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকেও এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। মূলত বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ এবং সাধারণ বাণিজ্য সচল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, সামরিক নৌযানের ক্ষেত্রে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে ইরান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোনো দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ বা সামরিক সরঞ্জামবাহী যান এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে না। 

আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক নিরাপত্তার দোহাই দিয়ে সামরিক যানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আইআরজিসি-র অনুমতি গ্রহণের এই শর্তটি বাণিজ্যিক জাহাজের জন্য আইনি প্রক্রিয়া হলেও, মূলত মার্কিন ও পশ্চিমা দেশগুলোর যুদ্ধজাহাজকে ঠেকিয়ে রাখাই ইরানের প্রধান লক্ষ্য। এই ঘোষণার ফলে হরমুজ প্রণালিতে ইরানের সামরিক কর্তৃত্ব আরও সুসংহত হলো। সূত্র: আলজাজিরা।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত