মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনো যাত্রীবাহী প্রমোদতরি (ক্রুজ শিপ) কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সফলভাবে অতিক্রম করেছে। জাহাজ চলাচল বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ‘মেরিন ট্রাফিক’-এর তথ্যের বরাতে আজ এ খবর নিশ্চিত হওয়া গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) মাল্টার পতাকাবাহী ‘সেলেস্টিয়াল ডিসকভারি’ (Celestyal Discovery) নামের এই প্রমোদতরি বিশ্বের অন্যতম ব্যস্ততম এই নৌপথটি পার হয়। তবে মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণে এই যাত্রাপথে জাহাজটিতে কোনো পর্যটক বা যাত্রী ছিল না। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এটিই প্রথম কোনো যাত্রীবাহী জাহাজ যা সফলভাবে এই প্রণালি অতিক্রম করল।
আঞ্চলিক উত্তেজনার কারণে সমুদ্রপথে জাহাজ চলাচল চরম ঝুঁকিপূর্ণ ও ব্যাহত হওয়ায় গত মার্চের শুরু থেকে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা ছিল। দীর্ঘ ৪৭ দিন দুবাইয়ে একপ্রকার ‘অবরুদ্ধ’ থাকার পর অবশেষে এটি হরমুজ প্রণালির বাধা পার হতে সক্ষম হলো।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘সেলেস্টিয়াল ডিসকভারি’ বর্তমানে ওমানের রাজধানী মাসকাটের দিকে অগ্রসর হচ্ছে। আজ শনিবারই প্রমোদতরিটির মাসকাট বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে ছিল। এই প্রমোদতরিটির সফল পারাপার আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে পারে। যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখনো চরম উত্তপ্ত এবং বড় বড় শিপিং কোম্পানিগুলো এই রুট ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
সূত্র: আল-জাজিরা ও গালফ নিউজ।
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান