বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে আরও কঠোর অবস্থানে গেল ইরান। এখন থেকে আর টোল বা মাশুল দিয়েও এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।
রোববার (১৯ এপ্রিল) ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এই চূড়ান্ত ঘোষণা দিয়েছে।
আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, ইরানের বিভিন্ন বন্দর এবং জাহাজের ওপর যুক্তরাষ্ট্র যে নৌ-অবরোধ আরোপ করেছে, তা পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি সব ধরণের বাণিজ্যিক চলাচলের জন্য বন্ধ থাকবে। তেহরান মনে করছে, মার্কিন এই অবরোধ দুই দেশের মধ্যে বিদ্যমান সাময়িক যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন।
এর আগে ইরান তাদের নির্ধারিত নিয়ম মেনে এবং নির্দিষ্ট ফি বা টোল পরিশোধ সাপেক্ষে জাহাজ চলাচলের জন্য একটি বিশেষ ‘সেফ প্যাসেজ’ বা করিডোর খোলা রেখেছিল। নতুন এই ঘোষণার ফলে সেই বিশেষ সুযোগটিও এখন থেকে বাতিল হয়ে গেল। অর্থাৎ, আইআরজিসি-র এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালি এখন থেকে কার্যত একটি নিশ্ছিদ্র সামরিক বেষ্টনীতে পরিণত হলো।
আইআরজিসি-র নৌবাহিনী শাখা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো দেশ বা কোম্পানি জাহাজ চালানোর চেষ্টা করে, তবে সেটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। তেহরানের এই সিদ্ধান্তে বিশ্ব তেলের বাজারে নতুন করে অস্থিরতা এবং দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সূত্র: মিডল ইস্ট আই
হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের চেষ্টা ব্যর্থ: ইরান