নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের পদত্যাগের দাবিতে আবারও রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। 

শনিবার (১৮ এপ্রিল) রাতে রাজধানী তেল আবিবের প্রধান সড়কগুলোতে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা সরকারের ব্যর্থতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ নাগরিকদের মতে, নেতানিয়াহু তার ব্যক্তিগত স্বার্থ রক্ষায় দেশের সামাজিক ও কূটনৈতিক ভিত্তি ধ্বংস করছেন। প্রতিবাদী রাফায়েল পিনাইনা বলেন, ‘নেতানিয়াহু ভেতর থেকে আমাদের সমাজকে পঙ্গু করে দিচ্ছেন। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক তিনি নষ্ট করেছেন। আমাদের সত্য জানার অধিকার আছে, তাই আমরা গত ৭ অক্টোবর এবং এর পরবর্তী ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত চাই।’

সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’ ও ‘হারেৎজ’-এর প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা লেবানন ও ইরানে নতুন করে যুদ্ধ শুরুর তীব্র সমালোচনা করেন। হাইম ট্রিভ্যাক্স নামের এক বিক্ষোভকারী সরাসরি অভিযোগ করেন, ‘লেবানন ও ইরানে হামলা চালানো ইসরায়েলের জন্য এক বিশাল ভুল। নেতানিয়াহু দেশের স্বার্থে নয়, বরং নিজের দুর্নীতির মামলা ও জেল থেকে বাঁচতেই এই যুদ্ধগুলোকে জিইয়ে রাখছেন।’

লি হফম্যান-আজিভ নামের এক সমাজকর্মী জানান, তিনি সেইসব পরিবারের প্রতি সংহতি জানাতে এসেছেন যারা প্রধানমন্ত্রীর শুরু করা এই ‘অন্তহীন যুদ্ধে’ স্বজন হারিয়েছেন। বিক্ষোভকারীরা স্লোগান দেন যে, জিম্মিদের ফিরিয়ে আনতে এবং শান্তি ফেরাতে বর্তমান সরকারের বিদায় এখন সময়ের দাবি। সূত্র: মিডল ইস্ট আই, হারেৎজ

NB/FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত