ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। গত শুক্রবার (১৭ এপ্রিল) প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৭ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ২০০০ সালের সাড়া জাগানো চলচ্চিত্র ‘দ্য ক্রিমসন রিভার্স’ এবং নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘মার্সেই’-তে অভিনয়ের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন।

ফরাসি সংবাদমাধ্যম ‘লে ফিগারো’ জানিয়েছে, নাদিয়া ফারেসকে প্যারিসের একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে কৃত্রিমভাবে কোমায় (Induced Coma) রাখা হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করলেও প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি।

নাদিয়া ফারেসের দুই মেয়ে সিলিয়া ও শানা এক আবেগঘন বিবৃতিতে বলেন, ‘ফ্রান্স আজ একজন মহান শিল্পীকে হারাল, আর আমরা হারালাম আমাদের মমতাময়ী মাকে।’ তার এই অকাল মৃত্যুতে ইউরোপীয় চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৬৮ সালে মরক্কোর মারাকেশে জন্ম নেওয়া নাদিয়া শৈশব কাটিয়েছেন ফ্রান্সের নিস শহরে। মাত্র ১৮ বছর বয়সে অভিনয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে পাড়ি জমান তিনি। ১৯৯২ সালে বড় পর্দায় অভিষেক হলেও ২০০০ সালে ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ তার অনবদ্য অভিনয় তাঁকে তারকায় পরিণত করে।

ব্যক্তিগত জীবনে ২০০৯ সালে লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রযোজক স্টিভ চ্যাসম্যানকে বিয়ে করার পর তিনি কিছুদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। পরে ২০১৬ সালে ‘মার্সেই’ সিরিজের মাধ্যমে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে তার। ২০২২ সালে তিনি স্থায়ীভাবে ফ্রান্সে ফিরে আসেন এবং পুনরায় কাজ শুরু করেন। একজন বহুমুখী প্রতিভাধর অভিনেত্রী হিসেবে নাদিয়া ফারেস সবসময় তার ভক্তদের হৃদয়ে অমলিন থাকবেন।

NB
আরও পড়ুন