১৫ কোটি ব্যারেল তেল ইন্দোনেশিয়ায় সরবরাহ করবে রাশিয়া

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৩ এএম

ইন্দোনেশিয়া জানিয়েছে, রাশিয়া দেশটিকে সর্বোচ্চ ১৫ কোটি ব্যারেল তেল সরবরাহ করতে সম্মত হয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর মস্কো সফরের পর এ সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও পরিবেশবিষয়ক বিশেষ দূত হাসিম দজয়োযোগাদিকুসুমো।

 

ইন্দোনেশিয়ার মন্ত্রিপরিষদ সচিব তেদি ইন্দ্রা উইজায়া এক বিবৃতিতে বলেন, প্রাবোও সুবিয়ান্তো গত সপ্তাহে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন। সেখানে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

 

বিশ্বের বহু দেশের মতোই মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় ইন্দোনেশিয়া চাপে পড়েছে এবং বিকল্প সরবরাহ নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

হাসিম জোজোহাদিকুসুমো রাষ্ট্রীয় বার্তাসংস্থা আন্তারাকে বলেন, ‘রাশিয়া সরকারের সাথে একটি সমঝোতা হয়েছে। অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলায় আমরা দেশে ১৫ কোটি ব্যারেল তেল মজুত করতে পারব।’

 

তিনি জানান, এরমধ্যে ১০ কোটি ব্যারেল তেল রাশিয়া বিশেষ দামে সরবরাহ করবে এবং প্রয়োজনে আরো পাঁচ কোটি ব্যারেল দেয়া হবে।

 

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া জ্বালানি ভর্তুকি নির্ভর হলেও এটি একটি তেল উৎপাদক দেশ, তবে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমদানির ওপর নির্ভরশীল।

 

দেশটি দৈনিক প্রায় ১৬ লাখ ব্যারেল জ্বালানি ব্যবহার করে, কিন্তু উৎপাদন করে প্রায় ছয় লাখ ব্যারেল।

 

গত মাসে সরকার জ্বালানি সাশ্রয়ের জন্য জ্বালানি রেশনিং ব্যবস্থা চালু করে এবং সরকারি কর্মীদের জন্য সপ্তাহে একদিন বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়।

 

সরকার এ বছর ভর্তুকিযুক্ত জ্বালানির দাম না বাড়ানোর অঙ্গীকার করেছে। সূত্র: বাসস

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত