গ্রিসের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলে এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় ভোরে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে।
ইউএসজিএস-এর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৬টা ১৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৩ কিলোমিটার (আট মাইল) গভীরে, যা ক্রিট দ্বীপের উপকূলীয় শহর ইয়েরাপেত্রা থেকে প্রায় সাড়ে ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
ভূমিকম্পের ফলে দ্বীপটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গ্রিসের স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে গ্রিস ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ২০২৫ সালেও দেশটিতে বেশ কয়েকটি মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই ক্রিট দ্বীপে ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মার্কিন নৌ অবরোধেও টিকে যেতে পারে ইরান, রাজনৈতিক চাপে ট্রাম্প