বজ্রপাতে সাত জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে চারজন, জামালপুরে দুইজন, বরগুনায় দুইজন, ময়মনসিংহে একজন, বাগেরহাটে একজন, রংপুরে একজন ও রাজবাড়ীতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) দিনের বিভিন্ন সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
পটুয়াখালী
পটুয়াখালীর দুই উপজেলায় বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক গবাদিপশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে।
বুধবার (২৯ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে কলাপাড়া উপজেলা ও রাঙ্গাবালী উপজেলায় ওই চারজনের মৃত্যুর ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে জহির উদ্দিন (২৮) নামে একজনের মৃত্যু হয়। একইদিন দুপুর ২টার দিকে পূর্ব চাকামাইয়া গ্রামে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সেতারা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। একই সময়ে শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয় খালেক হাওলাদার (৫৫) নামে এক বৃদ্ধের।
এদিকে সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে বজ্রাঘাতে সৌরভ মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়।
স্থানীয়দের মতে, বৃষ্টি ও বজ্রপাতের সময় অসচেতনভাবে খোলা মাঠে অবস্থান করায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
এছাড়া গত দুই দিনে কলাপাড়া, রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে অন্তত ৫০টি গবাদিপশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। যা স্থানীয় কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।সংবাদ সংগ্রহব্রেকিং নিউজ
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বজ্রপাতে নিহতদের বাড়িতে গ্রামপুলিশ পাঠিয়ে খোঁজখবর নেয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
জামালপুর
জামালপুরের ইসলামপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। নদীতে মাছ ধরতে গিয়ে শামীম মিয়া (৩৫) ও রাস্তার কাজ করার সময় সাগর ইসলাম (১৮) নামে এক শ্রমিক মারা যান। বুধবার সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামে ও সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামীম মিয়া একই এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে এবং নিহত সাগর ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া গ্রামের মো: স্বাধীনের ছেলে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল কাইয়ূম গাজী বলেন, বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান।
বরগুনা
বরগুনায় পৃথক বজ্রপাতের ঘটনায় আল-আমীন নামে এক জেলে ও নূরজামাল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আল-আমীন পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা এলাকার বাসিন্দা এবং নূরজামাল আমতলী উপজেলার পূজাখোলা নামক এলাকার বাসিন্দা।
পাথারঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক এবং আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজবাড়ী
রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমন ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি।
রংপুর
রংপুরের তারাগঞ্জে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে ওই গৃহবধূ রান্না করার জন্য বাড়ির পাশে খড়ি সংগ্রহ করতে যাওয়ার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।
তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বজ্রপাতে গৃহবধূর মুত্যুর খবর শুনে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
ময়মনসিংহ
ময়মনসিংহের তারাকান্দায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বাগেরহাট
বাগেরহাটে বজ্রপাতে রবিন হাওলাদার (৫৩) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামের মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। রবিন হাওলাদার সরকারডাঙ্গা গ্রামের জগদীশ হাওলাদারের ছেলে।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকারডাঙ্গা গ্রামে বজ্রপাতে রবিন হাওলাদার নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মধ্যপ্রাচ্যের 'মেঘ চুরি' করতো যুক্তরাষ্ট্র!
মুক্তি পাচ্ছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী
ইরান-যুদ্ধে বিপাকে আমিরাত, ভাঙনের পথে সৌদির সাথে সম্পর্ক