জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৫ পিএম

মার্কিন বাহিনীর হাতে জব্দ হওয়া ইরানের কনটেইনারবাহী জাহাজ ‘তউসকা’-এর ছয়জন ক্রু মুক্তি পেয়েছেন।

গত ২০ এপ্রিল ক্রুসহ জাহাজটি জব্দ করার পর দীর্ঘ ১০ দিন পর তাঁরা নিরাপদে ইরানে ফিরে এসেছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘তউসকা’ নামের ওই জাহাজটিতে মোট ২৮ জন ইরানি ক্রু ছিলেন। ছয়জন মুক্তি পেলেও আরও ২২ জন ক্রু এখনও মার্কিন হেফাজতে আটকা রয়েছেন। তাঁদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে ইরানের কর্তৃপক্ষ কূটনৈতিক ও অন্যান্য প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধের অংশ হিসেবে ‘তউসকা’-কে হরমুজ প্রণালি থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু জাহাজটি সেই নির্দেশ অমান্য করায় সেটিকে জব্দ করে মার্কিন বাহিনী।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝে এই জাহাজ জব্দ এবং পরবর্তীতে আংশিক ক্রু মুক্তির ঘটনাটি ভূ-রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। বর্তমানে পেন্টাগন ওই অঞ্চলে তিনটি বিমানবাহী রণতরী মোতায়েন রেখেছে এবং নৌ অবরোধ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত