লেবাননের শান্তি আলোচনা স্থবির হওয়ার পথে

আপডেট : ০২ মে ২০২৬, ১০:২৯ এএম

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত গোলাবর্ষণ ও বিমান হামলায় আবারও রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে লেবাননের ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ৯টি সামরিক অভিযান পরিচালনা করেছে হিজবুল্লাহ। পাল্টাপাল্টি হামলায় শান্তি আলোচনা এখন স্থবির হওয়ার পথে।

শনিবার (২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

খবরে আলজাজিরা জানায়, শুক্রবার (১ মে) দক্ষিণ লেবাননের বিভিন্ন অবকাঠামো ও ভবন লক্ষ্য করে অন্তত ছয়টি ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

লেবাননের টায়ার শহর থেকে সাংবাদিক ওবাইদা হিতোর বরাতে আলজাজিরা আরও জানায়, যুদ্ধবিরতি চললেও মাঠপর্যায়ে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। হিজবুল্লাহ এদিন লেবাননের ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ৯টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এছাড়া ব্লু লাইন অতিক্রম করে উত্তর ইসরায়েলেও পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা থেকে দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে দক্ষিণ লেবাননে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনাে গেছে।

এই সহিংসতা তাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে, যারা যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে সম্প্রতি নিজ ঘরে ফিরেছিলেন। বাস্তুচ্যুত হাজার হাজার লেবাননি নাগরিক দক্ষিণ লেবাননে ফিরে এসে এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। সহিংসতার এই ধারাবাহিকতা জানান দিচ্ছে যে যুদ্ধ এখনো শেষ হয়নি; বরং সাধারণ মানুষ হিজবুল্লাহ ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলার সহজ লক্ষ্যে পরিণত হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি। তিনিসহ দেশটির শীর্ষ রাজনীতিকরা সাফ জানিয়েছেন যে, ইসরায়েলি হামলা যদি এভাবে চলতে থাকে, তবে তাদের সঙ্গে শান্তি আলোচনার কোনো প্রাসঙ্গিকতা নেই। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ফলপ্রসূ আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তারা।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত