যেকোনো সময় আবারও যুদ্ধ শুরু হতে পারে: জেনারেল আসাদি

আপডেট : ০২ মে ২০২৬, ০৮:৩৭ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে যেকোনো সময় সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ জাফর আসাদি।

শনিবার (২ মে) সকালে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, দুই দেশের মধ্যে আবারও যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তার দাবি, যুক্তরাষ্ট্র অতীতে দেওয়া কোনো প্রতিশ্রুতি বা চুক্তি রক্ষা করেনি। 

এদিকে কূটনৈতিক অগ্রগতির অংশ হিসেবে ইরান বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে একটি নতুন খসড়া প্রস্তাব হস্তান্তর করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে। তবে ওই প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাত শুরু করে, যা ৮ এপ্রিল থেকে আপাতত স্থগিত রয়েছে। এরপর শান্তি আলোচনার এক দফা বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হলেও তা কোনো ফল আনতে পারেনি।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিভাজনের কারণে আলোচনা এগোচ্ছে না এবং তারা প্রস্তাব নিয়ে তিনি সন্তুষ্ট নন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামনে দুটি পথ রয়েছে, ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া, অথবা একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা। তবে মানবিক দিক বিবেচনায় তিনি সংঘাত এড়াতে চান বলেও মন্তব্য করেন। সূত্র: ফ্রান্স ২৪

AS
আরও পড়ুন