ইরানের দেওয়া নতুন ১৪ দফা প্রস্তাবে যা আছে

আপডেট : ০৩ মে ২০২৬, ১২:৫১ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে এবার ১৪ দফার একটি নতুন শান্তি প্রস্তাব পেশ করেছে ইরান। যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা প্রস্তাবের পাল্টা জবাব হিসেবে তেহরান এই পরিকল্পনা সাজিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রস্তাবটি পর্যালোচনা করবেন, যদিও এর গ্রহণযোগ্যতা নিয়ে তিনি এরই মধ্যে সংশয় প্রকাশ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, যুক্তরাষ্ট্র যেখানে দুই মাসের সাময়িক যুদ্ধবিরতির কথা বলেছিল, ইরান সেখানে সরাসরি ‘স্থায়ীভাবে’ যুদ্ধ সমাপ্তির প্রস্তাব দিয়েছে। তেহরান চায় আগামী ৩০ দিনের মধ্যে সব ধরনের অমীমাংসিত ইস্যু ও বিরোধ নিষ্পত্তি করে একটি পূর্ণাঙ্গ শান্তি কাঠামো গড়ে তুলতে।

ইরানের ১৪ দফা প্রস্তাবে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরা হয়েছে-

  • ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনও ধরনের সামরিক হামলা না চালানোর নিশ্চয়তা। 
  • ইরানের আশপাশের অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার। 
  • ইরানের স্থগিত (ফ্রোজেন) সম্পদ মুক্ত করা। 
  • আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। 
  • যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। 
  • লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ ও শত্রুতা বন্ধ।
  • কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে নতুন আন্তর্জাতিক ব্যবস্থাপনা কাঠামো তৈরি।

হরমুজ প্রণালি ও নৌ অবরোধ ইস্যু

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের প্রস্তাবে বিশেষভাবে হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রস্তাব অনুযায়ী, এক মাসের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে হবে, যার মাধ্যমে-

  • হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।
  • যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অবসান।
  • ইরান ও লেবাননে স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করা।

এছাড়া সূত্রের বরাতে আরও বলা হয়েছে, প্রাথমিক চুক্তি সম্পন্ন হলে পরবর্তী এক মাস ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাদা করে আলোচনা চলবে।

ইরানের এই প্রস্তাবকে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, 'আমি প্রস্তাবটি পর্যালোচনা করব, তবে এটি গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। গত ৪৭ বছর ধরে তারা বিশ্বের যে ক্ষতি করেছে, তার জন্য এখনও পর্যাপ্ত মূল্য পরিশোধ করেনি'। এখন দেখার বিষয়, তেহরানের এই ১৪ দফা প্রস্তাব মধ্যপ্রাচ্যের আগামীর পরিস্থিতিকে শান্তির পথে নেয় না কি সংঘাত আরও ঘনীভূত হয়। সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন