ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, মুখ ফিরিয়ে নিচ্ছেন তরুণরা

আপডেট : ০৪ মে ২০২৬, ০৯:৫২ এএম

২০২৪ সালের নির্বাচনে যে তরুণ ভোটারদের জোয়ার ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের পথে এগিয়ে দিয়েছিল, মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই চিত্র আমূল বদলে যেতে শুরু করেছে। রিপাবলিকান শিবিরের অন্যতম বড় শক্তির জায়গা হিসেবে পরিচিতি পাওয়া ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা এখন তলানিতে।

সম্প্রতি ইউগভ ও দ্য ইকোনমিস্টের করা একটি যৌথ জরিপে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই তরুণ জনগোষ্ঠীর মধ্যে ট্রাম্পের জনসমর্থন ছিল প্রায় ৪৮ শতাংশ। তবে মে মাসের দিকে এসে সেই গ্রাফ নাটকীয়ভাবে নিচে নেমে ২৫ থেকে ৩৩ শতাংশের ঘরে এসে ঠেকেছে। অর্থাৎ, মাত্র কয়েক মাসের ব্যবধানে লাখ লাখ তরুণ ভোটার ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, তরুণদের এই বিমুখ হওয়ার পেছনে প্রধান কারণ হলো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা। নির্বাচনের আগে ট্রাম্প ‘বিশ্বের ইতিহাসের সেরা অর্থনীতি’ গড়ার চটকদার স্বপ্ন দেখিয়েছিলেন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তরুণদের জীবনযাত্রার মান বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু ক্ষমতায় আসার পর বাস্তবে সেই পরিবর্তনের ছোঁয়া না মেলায় এই বিশাল ভোটার গোষ্ঠী আশাহত হয়েছে।

বিশেষ করে ট্রাম্পের পররাষ্ট্রনীতি এবং ইরান যুদ্ধের মতো সংঘাতময় পরিস্থিতি তরুণদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তরুণদের বড় একটি অংশ শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা চাইলেও প্রশাসনিক সিদ্ধান্তগুলো তাদের প্রত্যাশার বিপরীতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

তরুণ ভোটারদের এই গণপ্রস্থান রিপাবলিকান দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যদি এই জনপ্রিয়তা পুনরুদ্ধারে দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগামী মধ্যবর্তী নির্বাচনগুলোতে এর বড় প্রভাব পড়তে পারে। রিপাবলিকানরা যে তরুণ ভোটারদের নিয়ে উচ্ছ্বসিত ছিল, এখন তাদের ধরে রাখাই দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সূত্র: দ্য গার্ডিয়ান

SN
আরও পড়ুন