ভারতের ‘কোচিং হাব’ হিসেবে পরিচিত রাজস্থানের কোটা শহরটি আরও একবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। তবে কোনো সাফল্যের গল্পের জন্য নয়, বরং এক অদ্ভুত দৃশ্যের কারণে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, কোটার বিভিন্ন ছাত্রাবাসের (হোস্টেল) সিলিং ফ্যানগুলোকে মোটা লোহার খাঁচা দিয়ে ঘিরে ফেলা হয়েছে। হোস্টেল কর্তৃপক্ষের এই অদ্ভুত পদক্ষেপ নিয়ে এখন নেটদুনিয়ায় বইছে বিতর্কের ঝড়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঘরের সিলিং ফ্যানগুলোর চারপাশে এমনভাবে লোহার গ্রিল লাগানো হয়েছে যাতে চাইলেও ফ্যানের সাথে কিছু ঝোলানো সম্ভব না হয়। নেটিজেনদের দাবি, কোটায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে আসা শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এই ‘খাঁচাবন্দি’ ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, ফ্যানগুলো খাঁচায় বন্দি থাকলে পড়ুয়ারা আর সেখানে গলার ফাঁস লাগিয়ে আত্মহননের পথ বেছে নিতে পারবে না।
এর আগে আত্মহত্যার হার কমাতে হোস্টেলগুলোতে ‘অ্যান্টি-সুইসাইড’ বা স্প্রিংযুক্ত ফ্যান বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল, যা অতিরিক্ত ভার পড়লে আপনাআপনি নিচে ঝুলে পড়ে। তবে খাঁচা বসানোর এই নতুন পদ্ধতিটি মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে বিষয়টিকে উপহাস করে বলছেন, কর্তৃপক্ষের যদি শিক্ষার্থীদের নিয়ে এতই দুশ্চিন্তা হয়, তবে তারা এসি (AC) লাগিয়ে দিচ্ছেন না কেন? আবার কেউ ক্ষোভ প্রকাশ করে বলছেন, কোটা যে এখন ইঞ্জিনিয়ার বা ডাক্তারের বদলে আত্মঘাতী তৈরি করছে, এই খাঁচাবন্দি ফ্যানগুলোই তার সবচেয়ে বড় প্রমাণ।
শিক্ষাবিদ ও সমাজকর্মীদের মতে, সিলিং ফ্যানে খাঁচা লাগানো বা স্প্রিং বসানো হলে তা সমস্যার স্থায়ী কোনো সমাধান নয়। বরং এটি আমাদের ঘুণে ধরা শিক্ষাব্যবস্থার গলদগুলোকেই প্রকট করে তুলছে। তাদের মতে, আত্মহত্যা করার ইচ্ছা থাকলে মানুষ হাজারো উপায় খুঁজে নিতে পারে। আসল সমস্যাটি হলো সেই প্রচণ্ড মানসিক চাপ, যা কিশোর বয়সের ছেলেমেয়েদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, পরিকাঠামোগত পরিবর্তনের চেয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া এবং নিয়মিত পেশাদার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা এখন সময়ের দাবি। স্রেফ ফ্যান খাঁচাবন্দি করে এই বিশাল সমস্যার সমাধান সম্ভব নয়, বরং প্রয়োজন শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন এবং অসুস্থ প্রতিযোগিতার মানসিকতা থেকে বেরিয়ে আসা।
কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গে ভোট গণনা চলছে