‘যুক্তরাষ্ট্রের ‘শয়তানি’ অচিরেই হ্রাস পাবে’

আপডেট : ০৫ মে ২০২৬, ০১:১৩ পিএম

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধংদেহী অবস্থান এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইরানের প্রভাবশালী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক কড়া বার্তায় বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘শয়তানি’ (Evil) অচিরেই হ্রাস পাবে।

ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং অবরোধ আরোপ করে হরমুজ প্রণালিতে নৌ-চলাচল ও জ্বালানি পরিবহনের নিরাপত্তাকে ‘বিপন্ন’ করে তুলেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে একটি নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে যা এখন চূড়ান্ত রূপ পাচ্ছে।

গালিবাফ আরও যোগ করেন, আমরা ভালো করেই জানি যে বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা আমেরিকার পক্ষে অসহনীয় হয়ে দাঁড়িয়েছে; অথচ আমরা এখনও কিছুই শুরু করিনি।

গালিবাফের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ইরান মার্কিন অবরোধের মুখে কেবল রক্ষণাত্মক নয়, বরং পাল্টা কোনো বড় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ‘নতুন সমীকরণ’ শব্দটি ব্যবহার করে তিনি সম্ভবত এই অঞ্চলে মার্কিন আধিপত্যের অবসান এবং ইরানের নিয়ন্ত্রণ আরও সুসংহত করার কথা বুঝিয়েছেন।

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ (Project Freedom) নামক একটি নৌ-মিশন ঘোষণা করেছেন। এই মিশনের উদ্দেশ্য হলো মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালি পার করে দেওয়া, যা বর্তমানে কার্যকরভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। 

সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন