আফ্রিকায় আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত: ট্রাম্প

আপডেট : ১৬ মে ২০২৬, ০১:০১ পিএম

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সামরিক বাহিনীর এক যৌথ অভিযানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বৈশ্বিক দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৫ মে) তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সাহসী মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা ও জটিল এক অভিযান পরিচালনা করে বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, আল-মিনুকি আফ্রিকায় লুকিয়ে থাকার চেষ্টা করলেও মার্কিন গোয়েন্দাদের কাছে তার প্রতিটি কর্মকাণ্ডের নিখুঁত তথ্য ছিল। সফল এই অভিযানের জন্য ট্রাম্প নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

২০২৩ সাল থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বৈশ্বিক সন্ত্রাসী’ তালিকার নিষেধাজ্ঞার আওতায় ছিলেন আল-মিনুকি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, তিনি সাহেল অঞ্চলে সক্রিয় আইএসের জ্যেষ্ঠ নেতা এবং সংগঠনটির ‘জেনারেল ডিরেক্টরেট অব প্রভিন্সেস’-এর সদস্য ছিলেন, যা বিশ্বজুড়ে আইএসের অর্থায়ন ও কার্যক্রম পরিচালনা করত। ট্রাম্পের দাবি, এই শীর্ষ নেতার মৃত্যুর ফলে আইএসের বৈশ্বিক নেটওয়ার্ক বড় ধরনের ধাক্কা খেল। গত বছরের বড়দিনে নাইজেরিয়ায় মার্কিন বিমান হামলার পর থেকে দেশটিতে শত শত মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যারা মূলত নাইজেরীয় বাহিনীকে প্রযুক্তি ও তথ্য দিয়ে সহায়তা করছে। সূত্র: দ্য গার্ডিয়ান

SN
আরও পড়ুন