উপসাগরে নিখোঁজ বলিভিয়ার ২ জাহাজ, অনুসন্ধানে ইরাকের তৎপরতা

আপডেট : ২২ মে ২০২৬, ০৮:৩৩ এএম

পারস্য উপসাগরে নিখোঁজ হওয়া বলিভিয়ার পতাকাবাহী দুটি জাহাজের অবস্থান শনাক্ত করতে নিজেদের সামুদ্রিক নিয়ন্ত্রণ এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলোকে সক্রিয় করেছে ইরাক।

ইরাকি নিউজ এজেন্সি দেশটির বন্দর বিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান 'জেনারেল কোম্পানি ফর পোর্টস অব ইরাক'-এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একটি বিবৃতিতে বলা হয়েছে, 'ব্রিজ ১' এবং 'ব্রিজ ২' নামের ওই দুটি জাহাজের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি বন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষ এবং জাহাজের মালিকপক্ষ ইরাকি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। তারা জাহাজ দুটির বিষয়ে কোনো তথ্য বা সন্ধান পাওয়া যায় কি না, তা জানতে চেয়ে ইরাকের কাছে অনুরোধ জানান।

ইরাকের রাষ্ট্রায়ত্ত এই কোম্পানিটি নিশ্চিত করেছে যে, নিখোঁজ জাহাজ দুটির কোনোটিই এখন পর্যন্ত ইরাকের জলসীমায় প্রবেশ করেনি। এছাড়া তাদের সামুদ্রিক বিভাগগুলো জাহাজের ক্রু বা নাবিকদের কাছ থেকে কোনো ধরনের জরুরি বিপদসংকেতও পায়নি।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে জাহাজ দুটির অবস্থান সম্পর্কে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তারা জোর দিয়ে বলেছে যে, আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধারকারী প্রশাসনগুলোর সাথে নিবিড় সমন্বয় রেখে স্যাটেলাইটের মাধ্যমে ট্র্যাকিং বা নজরদারি অভিযান জোরালোভাবে চালানো হচ্ছে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত