লেবাননের মাটি থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারই লেবানন রাষ্ট্রের প্রধান জাতীয় দাবি এবং অগ্রাধিকার বলে পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন।
২০০০ সালে দক্ষিণ লেবাননে ইসরায়েলের দীর্ঘ ২২ বছরের দখলদারিত্বের অবসান ঘটার ঐতিহাসিক দিনটি স্মরণে আয়োজিত ‘প্রতিরোধ ও মুক্তি দিবস’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
প্রেসিডেন্ট আউন উল্লেখ করেন যে, এই বছরের দিবসটি এমন এক সংকটাপন্ন সময়ে উদযাপিত হচ্ছে, যখন দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব এবং প্রাণঘাতী হামলা এখনো অব্যাহত রয়েছে।
ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে লেবাননের অবস্থান স্পষ্ট করে প্রেসিডেন্ট বলেন, লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের পথটি একটি অবিচল জাতীয় দাবি। লেবানন রাষ্ট্র আলোচনার মাধ্যমে এই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।
তবে এই কূটনৈতিক আলোচনাকে কোনোভাবেই দুর্বলতা ভাবার সুযোগ নেই উল্লেখ করে জোসেফ আউন অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, এই আলোচনা বা দরকষাকষির অর্থ কোনো ছাড় দেওয়া কিংবা আত্মসমর্পণ নয়। বরং এটি আমাদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে লেবাননের একচ্ছত্র অধিকারের একটি জোরালো পুনর্ব্যক্তকরণ। লেবানন তার নিজস্ব সেনাবাহিনী এবং বৈধ নিরাপত্তা বাহিনীর মাধ্যমে দেশের সর্বত্র রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। সূত্র: আল জাজিরা
ফিলিপাইনে ভবন ধসে নিহত ৩, নিখোঁজ ১৭