মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

আপডেট : ২৮ মে ২০২৬, ১০:৪২ এএম

ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর হামলার জবাবে একটি ‘আমেরিকান বিমানঘাঁটিতে’ পাল্টা আঘাত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বৃহস্পতিবার (২৮ মে) এক বিবৃতিতে ইরানি এই এলিট ফোর্স এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে—স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে (জিএমটি ০১:২০) তারা এই পাল্টা হামলা চালায়।

আইআরজিসির দাবি, যে বিমানঘাঁটি থেকে বন্দর আব্বাসে মার্কিন "আগ্রাসন" চালানো হয়েছিল, সেটিকেই তারা লক্ষ্যবস্তু করেছে। তবে এই মার্কিন বিমানঘাঁটিটি ঠিক কোথায় অবস্থিত, তা সুনির্দিষ্টভাবে বিবৃতিতে জানানো হয়নি।

এর আগে মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দর আব্বাস শহরের উপকণ্ঠে একটি এলাকায় আঘাত হানে বলে খবর আসে। সেই ঘটনার পর পরই আইআরজিসির পক্ষ থেকে এই পাল্টা হামলার ঘোষণা দেওয়া হলো।

বিবৃতিতে রেভল্যুশনারি গার্ডস স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেকোনো ধরনের "আগ্রাসন কখনোই অনুত্তরিত থাকবে না"। সেই সাথে তারা যোগ করেছে যে, পরবর্তীতে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার আরও "চরম ও চূড়ান্ত" জবাব দেওয়া হবে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন