'জাতিসংঘের সাথে নয়, অপরাধীদের সাথে সম্পর্ক ছিন্ন করুক ইসরায়েল'

আপডেট : ২৯ মে ২০২৬, ১২:১৬ পিএম

যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতা ও অপরাধে জড়িত থাকা অপরাধীদের বৈশ্বিক কালো তালিকায় ইসরায়েলকে অন্তর্ভুক্ত করার পর বিশ্ব সংস্থার সাথে তেল আবিবের সম্পর্ক ছিন্নের হুমকির তীব্র সমালোচনা করেছেন এক জাতিসংঘ বিশেষজ্ঞ।

তিনি ইসরায়েলকে জাতিসংঘের মহাসচিবের সাথে সম্পর্ক ছিন্ন না করে, বরং নিজেদের বাহিনীর ভেতরের অপরাধীদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার ও সন্ত্রাসবাদ বিষয়ক বিশেষ প্রতিবেদক বেন সল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের প্রতি এই আহ্বান জানান।

জাতিসংঘের বিশ্বব্যাপী কালো তালিকায় নিজেদের নাম যুক্ত হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ইসরায়েল। তারা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপর ক্ষোভ উগরে দিয়ে জানায় যে, তারা বিশ্ব সংস্থার প্রধানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে।

ইসরায়েলের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে বেন সল এক্স-এ লিখেছেন, ইসরায়েলি বাহিনীর যৌন সহিংসতাকে প্রকাশ্যে আনার অপরাধে জাতিসংঘের মহাসচিবের সাথে ‘সব সম্পর্ক ছিন্ন’ করার পরিবর্তে, আমি ইসরায়েলকে তাদের নিজেদের বাহিনীর মধ্যে থাকা অপরাধীদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার এবং তাদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও উল্লেখ করেন, এই বৈশ্বিক তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত হওয়ার পর ইসরায়েলের উচিত ক্ষুব্ধ না হয়ে বিষয়টির একটি সুনির্দিষ্ট ও যথাযথ সমাধান করা। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত