ধনী দেশগুলোকে মার্কিন ভর্তুকি দেওয়ার দিন শেষ: পিট হেগসেথ

আপডেট : ৩০ মে ২০২৬, ১০:২৮ এএম

এশিয়া-প্যাসিফিক (এশিয়-প্রশান্ত মহাসাগরীয়) অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মিত্রদের প্রতিরক্ষা নিয়ে এক বড় ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘শাংরি-লা ডায়ালগ’ নিরাপত্তা শীর্ষ সম্মেলনে দেওয়া এক ভাষণে মার্কিন প্রতিরক্ষা সচিব (ডিফেন্স সেক্রেটারি) পিট হেগসেথ স্পষ্ট করে বলেছেন, "ধনী রাষ্ট্রগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভর্তুকি দেওয়ার যুগ এখন শেষ"।

গত কয়েক মাস ধরে ওয়াশিংটনের সম্পূর্ণ মনোযোগ ইরানের সাথে চলমান যুদ্ধের দিকে থাকলেও, এই সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত ও উন্মুক্ত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের অনড় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সতর্ক করে বলেন, কোনো একক শক্তির আধিপত্য এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে নষ্ট বা ছিন্নভিন্ন করে দেবে।

বেইজিংয়ের প্রতি ইঙ্গিত করে তিনি কঠোর ভাষায় বলেন, "চীনসহ কোনো রাষ্ট্রই একক আধিপত্য বিস্তার করতে পারবে না এবং আমাদের জাতি ও মিত্রদের নিরাপত্তাকে জিম্মি করতে পারবে না"। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থানকে চীন যেন অবশ্যই সম্মান করে, সেই বিষয়ে ওয়াশিংটন অনড় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

কড়া হুঁশিয়ারি দিলেও হেগসেথ মার্কিন-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ইতিবাচক দিকও তুলে ধরেন। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক বিগত বহু বছরের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে।

তিনি জানান, সামরিক পর্যায়ের যোগাযোগ উন্মুক্ত রাখার মাধ্যমে তারা এখন চীনা প্রতিপক্ষদের সাথে আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন বৈঠকে বসছেন।

ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি বেইজিংয়ের সাথে এই সামরিক যোগাযোগ বজায় রাখাকে বর্তমান ভূ-রাজনীতিতে ওয়াশিংটনের একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন