চুক্তির মূল শর্তই হলো ইরান পরমাণু অস্ত্র বানাতে পারবে না: ট্রাম্প

আপডেট : ০১ জুন ২০২৬, ০৮:৫১ এএম

ইরানের সাথে নিজের প্রস্তাবিত খসড়া চুক্তি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদনের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিএনএন তাদের প্রতিবেদনে দাবি করেছিল—প্রস্তাবিত ওই চুক্তিতে তেহরানের পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো উল্লেখ নেই। সিএনএন-এর এই দাবিকে পুরোপুরি ভুল ও মিথ্যা বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ফেক নিউজ সিএনএন আজ বরাবরের মতোই বলেছে যে, আমার ইরান পরমাণু চুক্তিতে 'পরমাণু' বা নিউক্লিয়ার বিষয়ে কোনো কথাই বলা হয়নি। অথচ বাস্তবে এই চুক্তিতে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে—ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি বা নিজেদের কাছে রাখতে পারবে না।

ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন, পরমাণু সংক্রান্ত এই শর্ত ও ধারাগুলোই এই চুক্তির মূল বা কেন্দ্রীয় অংশ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

পোস্টে তিনি আরও ব্যাখ্যা করে বলেন, শুধু পরমাণু অস্ত্র নিষিদ্ধ করাই নয়, চুক্তির পরবর্তী অংশগুলোতে অত্যন্ত কঠোর এবং দীর্ঘ বিবরণীসহ পারমাণবিক কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রকৃতপক্ষে, এই পুরো চুক্তির সিংহভাগ বা বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে পরমাণু সংক্রান্ত এই বিষয়গুলো।

প্রতিবাদের পাশাপাশি সিএনএন-এর বস্তুনিষ্ঠতা ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি ট্রাম্প। একই পোস্টে তিনি সংবাদমাধ্যমটির তীব্র সমালোচনা করেন এবং সিএনএন-এর নতুন মালিকপক্ষের অধীনেও নেটওয়ার্কটি তার হারিয়ে যাওয়া ভাবমূর্তি আদৌ পুনরুদ্ধার করতে পারবে কি না—তা নিয়ে সংশয় প্রকাশ করেন। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন