তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের ৩৪ জেলা

আপডেট : ০১ জুন ২০২৬, ০৯:৩৩ এএম

জ্যৈষ্ঠের তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ। রাজধানী ঢাকাসহ দেশের মোট ৩৪টি জেলা এখন তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে। গতকাল রবিবার (৩১ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের পাশাপাশি দেশের অধিকাংশ অঞ্চলই এখন প্রায় বৃষ্টিহীন অবস্থায় রয়েছে। তবে রবিবার সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে।

আজ সোমবার (১ জুন) দেশের ৮টি বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, তবে এতে এখনই গরম কমার কোনো সম্ভাবনা নেই। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

দেশের অন্যান্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সোমবার সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন যে, দেশের ৩৪টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার কারণে সোমবারও গরমের তীব্রতা বজায় থাকবে। তবে আজ তাপপ্রবাহের পরিধি কিছুটা কমে আসতে পারে। তিনি আরও জানান, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে এবং আগামী ৩ জুন থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এছাড়া চলতি সপ্তাহে টেকনাফ উপকূলে মৌসুমি বায়ু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দেশের বৃষ্টির প্রবণতাকে আরও বাড়িয়ে দেবে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত