ইসরায়েলি বাহিনীর ওপর একদিনে হিজবুল্লাহর ৪১ হামলা

আপডেট : ০২ জুন ২০২৬, ০৮:২০ এএম

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান ও রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সোমবার (১ জুন) দিনভর ইসরায়েলি সেনা সমাবেশ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ এবং উত্তর ইসরায়েলের বসতিগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি আনুষ্ঠানিক বিবৃতিতে সোমবারের সামরিক অভিযানের বিস্তারিত খতিয়ান তুলে ধরা হয়েছে। গ্রুপটি জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর মোট ৪১টি হামলা চালিয়েছে।

লেবাননে ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের সাধারণ বেসামরিক নাগরিকদের ওপর অনবরত আগ্রাসনের কড়া জবাব দিতেই এই বিশেষ সামরিক অভিযান চালানো হয়েছে।

হিজবুল্লাহর এই হামলায় মূলত ঝাঁকে ঝাঁকে রকেট এবং বিস্ফোরক ড্রোন ব্যবহার করা হয়েছে। উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা ও মা’আলোত-তারশিহা বসতিতে থাকা ইসরায়েলি সেনা সমাবেশ এবং ইসরায়েলের একটি বিমান নিয়ন্ত্রণ ঘাঁটিকে লক্ষ্য করে রকেট বর্ষণ করা হয়।

এছাড়া, হিজবুল্লাহর একটি শক্তিশালী বিস্ফোরক ড্রোন সরাসরি ইসরায়েলের বিখ্যাত ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ওপর আঘাত হেনেছে।

বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানিয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে অগ্রসরমান ইসরায়েলি আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে তাদের যোদ্ধারা তীব্র সম্মুখ যুদ্ধ ও অতর্কিত হামলা পরিচালনা করেছে। বিশেষ করে দিব্বিন, আল-কানতারা, ইয়াহমোর আল-শাকিফ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোফোর্ট ক্যাসেল বা কেল্লার কাছাকাছি এলাকায় অবস্থান নেওয়া ইসরায়েলি সেনা দল এবং সামরিক যানগুলোর ওপর এই বিধ্বংসী প্রতিরোধ গড়ে তোলা হয়। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন