সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

আপডেট : ০৬ জুন ২০২৬, ১২:৩৮ পিএম

সাতক্ষীরায় তালায় সীমানা পিলারসহ ৪ জন‌কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) গভীর রাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার (৫০) বাড়ি থেকে এই পিলার উদ্ধার করা হয়।

জানা গেছে, আটক ভোলানাথ সানা কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে। এছাড়া আটক বাকী তিনজ‌নের মধ্যে একজন খুলনার বটিয়াঘাটার বাসিন্দা ও দুইজন পাইকগাছার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি মাটির ঘরে এই পিলার মাটির নিচে বসানো ছিলো। পিলারটি আসল কি-না তা যাচাইয়ের জন্য এক্সপার্ট আসার কথা ছিল। এজন‌্য তু‌লে ঘরের ভিতর রাখা হয়। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এক‌টি টিম সেখানে অভিযান চালি‌য়ে পিলারসহ চারজন‌কে আটক করে।

তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০ টার দিকে আমরা খবর পাই যে, কলাগাছিতে সীমানা পিলার বেচাকেনা চলছে। এই খবর পেয়ে আমারা অভিযান চালাই। অভিযান চালিয়ে আমরা তাদের পিলারসহ আটক করি। তাদের থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। যারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

YA
আরও পড়ুন