বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তবে জয়ের আনন্দের মাঝেও দলটি পেয়েছে বড় ধাক্কা। মাংসপেশির চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তার বিকল্প কে হবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ জানান, শুধু একজন সেন্টার-ব্যাকের বিকল্প নয়, পুরো স্কোয়াডের ফিটনেস পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এমনকি বিশ্বকাপের আগে আরও খেলোয়াড় বাদ পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
স্কালোনি বলেন, আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় শতভাগ ফিট নয়। তাই সিদ্ধান্তটি শুধু একজন সেন্টার-ব্যাকের বিকল্প বেছে নেওয়ার বিষয় নয়। সামনে আমাদের আরও একটি ম্যাচ রয়েছে। সেটি দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। বালের্দির চোটের কারণে অন্য খেলোয়াড়দেরও আরও গভীরভাবে মূল্যায়ন করতে হবে। মঙ্গলবারের আগে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাব না।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে দলের।
সবচেয়ে বেশি দুশ্চিন্তা তৈরি করেছে গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা ও লিয়ান্দ্রো পারেদেসকে ঘিরে। হন্ডুরাসের বিপক্ষে তারা বেঞ্চে ছিলেন। মন্তিয়েল ও মলিনা দুজনই পেশীর সমস্যায় ভুগছেন। একই পজিশনের খেলোয়াড় হওয়ায় তাদের মধ্যে জায়গা নিয়ে প্রতিযোগিতাও রয়েছে।
বেঞ্চে থাকা অন্য খেলোয়াড়দের মধ্যে ছিলেন জুলিয়ান আলভারেজ। গোড়ালির ব্যথা থাকলেও বিশ্বকাপের জন্য তাকে পাওয়া যাবে বলেই আশাবাদী আর্জেন্টিনা শিবির।
এদিকে ডান হাতের আঙুলের চোটের কারণে হন্ডুরাসের বিপক্ষে খেলেননি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, বাঁ হাঁটুর চোট কাটিয়ে উঠেছেন নিকো পাজ। রোববার থেকেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে চোট-উদ্বেগ থাকলেও শেষ প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের অবস্থা পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্কালোনি। ফলে বালের্দির বিকল্পসহ স্কোয়াডে সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে নজর থাকবে আইসল্যান্ড ম্যাচের দিকে।
মরক্কো ম্যাচে ব্রাজিলের একাদশ চূড়ান্ত
বিশ্বকাপের আগে অপ্রতিরোধ্য জার্মানি, ঘরের মাঠে হারলো যুক্তরাষ্ট্র