মানিকগঞ্জের সিংগাইরের সায়েস্তা ইউনিয়নে বসতবাড়ী থেকে চুরির অপরাধে রাজিব (৩৯) নামের ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয়রা এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোমবার ভোরের দিকে এই ঘটনাটি ঘটেছে সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল( জিয়ানগর) গ্রামে। নিহত রাজীব পার্শ্ববর্তী ঢাকার জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের ফুলবারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৭ জুন) দিবাগত মধ্যরাতে সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) এলাকার হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। বসতবাড়ী’র টিনশেড ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে রাজিব নামের এক ব্যক্তি এবং বাহিরে অপেক্ষায় থাকে আরো ৪/৫ জন। ঘরে থাকা নগদ অর্থসহ স্বর্ণালংকার নিয়ে বাইরে থাকা সহযোগীদের দেয় রাজিব। এ সময় গৃহকর্তা হাকিম আলী টের পেয়ে বাঁধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে হাকিম আলী আঘাত করলে রাজিব এবং বাহিরে থাকা অন্যরা দ্রুত পালাতে চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন রাজিবকে আটক করে এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাজিব মারা যায়।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ধর্ম অবমাননার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার