নোয়াখালীতে মাদক কারবারিদের হামলায় স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২৬, ০৯:৪০ এএম

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক কারবারিদের হামলায় আরাফাত হোসেন ফাহিম (১৫) নামের দশম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪ জন। 

বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামে আঞ্জু মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে এবং স্থানীয় পৌর হাজীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। সে সেনবাগে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, নিহত ফাহিমের নানার বাড়ি আঞ্জু মিয়াজী বাড়ির উঠন ও চলাচলের পথ ব্যবহার করে দীর্ঘদিন পর্যন্ত মাদক ব্যবসা করে আসছে পার্শ্ববর্তী হারুনসহ তার লোকজন। বুধবার সন্ধ্যায় হারুন ও তার লোকজন ওই বাড়ির পাশে মাদক সেবন করছিলো। এ সময় তাদেরকে ধাওয়া দিলে তারা প্রথমে পালিয়ে যায়। পরে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মাদক ব্যবসায়ী হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে আঞ্জু মিয়াজী বাড়িতে অতর্কিতে হামলা চালায়। একপর্যায়ে বাড়ির লোকজনও মাদক ব্যবসায়ীদের প্রতিহত করার চেষ্টা করে। 

এ সময় অন্ধকারে মাদক কারবারিদের ছুরিকাঘাতে ফাহিম, শাকিব, রিফাত এবং মাদক ব্যবসায়ী হারুনসহ অন্তত পক্ষে ৫ জন আহত হয়। এর মধ্যে ফাহিম,  শাকিব ও রিফাতকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে হারুনকে আহত অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ।

সেনবাগ থানার ডিউটি অফিসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক কারবারিদের হামলায় ওই ছাত্র নিহত হয়েছে বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে সেনবাগ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হারুন নামে একজনকে আটক করে।

YA
আরও পড়ুন