২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হচ্ছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাবিত বাজেটে শিক্ষাক্ষেত্রে আরও একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ রাখা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মেয়েদের জন্য স্নাতক (পাস) পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার প্রস্তাব। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহের পরিকল্পনাও রয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়ক প্রযুক্তি ও শিক্ষা উপকরণ বিনামূল্যে দেওয়ার প্রস্তাবও বাজেটে থাকছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা আরও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় মিড-ডে মিল কর্মসূচি চালু এবং ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের উদ্যোগও বাজেটে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন ও হাইজিন নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্যসেবা ব্যবস্থা জোরদারের প্রস্তাব রয়েছে।
প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ডিজিটাল শিক্ষা সুবিধা বাড়ানোর পরিকল্পনাও রাখা হয়েছে।
এছাড়া বিদেশে অবস্থানরত দক্ষ ও উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা খাতে যুক্ত করার উদ্যোগও বাজেটে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়ের মাধ্যমে শিক্ষাখাতে গুণগত পরিবর্তন আনা যায়।
নতুন বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব