থার্ড টার্মিনাল নির্ধারিত সময়ে শেষের আহ্বান বিমান প্রতিমন্ত্রীর

আপডেট : ২০ জুন ২০২৬, ০৫:২৪ পিএম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আগামী ১৬ ডিসেম্বর টার্মিনাল উদ্বোধনের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মিল্লাতও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় তৃতীয় টার্মিনাল উদ্বোধন অন্যতম প্রধান ইস্যু ছিল। তিনি বলেন, ‘আমরা চাই ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করতে। জাপানের বিমান অবকাঠামো বিষয়ক মন্ত্রীও সম্প্রতি ঢাকা সফর করেছেন। সেখানে সুমিতোমো করপোরেশনের সঙ্গে আলোচনা শেষে ওই তারিখে উদ্বোধনের বিষয়ে সমঝোতা হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্পের অন্যতম প্রধান অংশীদার জাপানের সুমিতোমো করপোরেশনকে নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করতে অনুরোধ জানানো হয়েছে। জাপানি রাষ্ট্রদূতকে অনুরোধ করা হয়েছে, যাতে তিনি সুমিতোমোকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আহ্বান জানান।

তিনি বলেন, রিকুয়েস্ট ফর প্রপোজাল প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সময়সীমা ১৯ জুলাই নির্ধারণ করা হয়েছে। যদি তারা ১৯ জুলাইয়ের মধ্যে নিশ্চিত করে, তাহলে নিপ্পন কোইয়ের মাধ্যমে ওআরটিএ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।

Attr/AHA
আরও পড়ুন