গোল্ডেন বুট দৌড়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা

মেসির পিছু ছাড়ছেন না এমবাপ্পে

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম

চলমান ফুটবল বিশ্বকাপে প্রায় সব বড় তারকাই গোলের দেখা পেয়েছেন। ফলে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে শুরু থেকেই দেখা যাচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তবে ব্যক্তিগত লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে আছেন দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

সোমবার (২২ জুন) রাতে আরও একটি মেসিময় ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় আর্জেন্টিনারা, যেখানে হ্যাটট্রিক করেছিলেন মেসি। দুই ম্যাচে পাঁচ গোল করে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে এবং বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন।

তবে মেসির পিছু ছাড়ছেন না কিলিয়ান এমবাপ্পে। কয়েক ঘণ্টা পরই ইরাকের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। টানা দ্বিতীয় ম্যাচে দুই গোল করে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। ফলে তিনি ক্লোসার সমান গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন এবং পেছনে ফেলেছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে।

বিশেষ দিনে রেকর্ডও গড়েছেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০০তম ম্যাচ, যেখানে ৬০তম গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লড়াইরত মেসি ও এমবাপ্পে একসময় পিএসজির সতীর্থ ছিলেন। তবে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি গুরুত্ব দিতে নারাজ এমবাপে।

২৭ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড ইএসপিএনকে বলেন বলেন, “মেসির সঙ্গে কোনো দ্বৈরথ নেই। লিও গোল করেছে, সে গোল করে এবং সবসময়ই করবে। সে কী করছে আমি তা দেখি না। কারণ সেটা দেখতে গেলে আমাকে আরও বেশি কিছু করতে হবে। আমি শুধু আমার দলের দিকেই মনোযোগ দিই।”

এমবাপ্পে বলেন, “আপনি যখন গোল করেন, তখন হয়তো এই ধরনের তুলনার কাছাকাছি চলে আসেন। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের অগ্রগতি।”

ক্যারিয়ারের শুরু থেকেই দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রাখা এমবাপ্পে ভবিষ্যতে আরও অনেক রেকর্ড ভাঙবেন বলে বিশ্বাস ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের।

দেশম বলেন, “রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। সে ১০০ ম্যাচ খেলেছে, সামনে আরও অনেক গোল করবে। এরপর আছে মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়রা। আমি জানি না কিলিয়ান তাদের মতো একই বয়স পর্যন্ত খেলবে কি না, তবে যতদিন খেলবে ততদিনই গোল করে যাবে। রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সামর্থ্য তার রয়েছে।”

AM/AHA
আরও পড়ুন