দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা সঞ্চয় আরও এক দফা বেড়েছে। বর্তমানে গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলারে।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভ বৃদ্ধির এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, ২৩ জুন পর্যন্ত দেশের গ্রস (মোট) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ (BPM6) অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে গত ২২ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার। অর্থাৎ, মাত্র এক দিনের ব্যবধানে দুই পদ্ধতিতেই রিজার্ভের সূচক ঊর্ধ্বমুখী হয়েছে।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পরিমাপ পদ্ধতি অনুসরণ করে দেশের নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি যাবতীয় দায় বা ঋণ বিয়োগ করে এই প্রকৃত রিজার্ভের হিসাব নির্ধারণ করা হয়ে থাকে।