স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় কমানো হয়েছে সোনার দাম। মাত্র দুই দিন আগে বাড়ানো দামের চাপ কমিয়ে এবার ভরিপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের এখন গুনতে হবে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য তালিকা দেশজুড়ে কার্যকর করা হয়েছে।
আজ সকালে বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ এর জরুরি বৈঠকে দাম পুনর্নির্ধারণের এই সিদ্ধান্ত আসে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। এর আগে গত ২২ জুন ভরিপ্রতি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা বাড়ানো হয়েছিল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের ভরিপ্রতি দাম ৫ হাজার ২৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের সোনা ৪ হাজার ৪৯০ টাকা কমে এখন বিক্রি হবে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায়।
ভ্যাটসহ সোনার গহনার দাম নির্ধারণ করা হলেও রুপার ক্ষেত্রে আগের নিয়মই রাখা হয়েছে। অর্থাৎ রুপার অলংকার কিনতে নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। তবে রুপার দামেও কিছুটা কাটছাঁট করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪০৮ টাকা কমে ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেট ৪০৯ টাকা কমে ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট ২৯১ টাকা কমে ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২৩৪ টাকা কমে ২ লাখ ৯৭৪ টাকায় নামানো হয়েছে।
আসছে ‘বাংলা কিউআর’, পাল্টে যাবে দেশের লেনদেন ব্যবস্থা
বিশ্ববাজারে তেলের দাম ৪ মাসের মধ্যে সর্বনিম্ন