রাউন্ড অব ৩২-তে যেতে পর্তুগালের যে সমীকরণ

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৮:১৩ পিএম

গ্রুপ ‘কে’-এর দ্বিতীয় রাউন্ড শেষে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে নকআউট পর্বের সমীকরণ। দুই ম্যাচে টানা দুই জয় তুলে নিয়ে কলম্বিয়া ইতোমধ্যেই নিশ্চিত করেছে শেষ ৩২-এর টিকিট। অন্যদিকে পর্তুগালও নকআউটের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে ডিআর কঙ্গোর জন্য শেষ ম্যাচটি এখন বাঁচা-মরার লড়াই, আর উজবেকিস্তানের সম্ভাবনা প্রায় শেষ।

প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে হতাশ করেছিল পর্তুগাল। ফলে প্রথম রাউন্ড শেষে চার দলের সামনেই ছিলো নকআউট পর্বের হাতছানি। তবে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্ত  ভাবে ফিরে আসে পর্তুগাল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তারা ৫-০ গোলের বড় জয় তুলে নেয়। এই জয়ে শুধু তিন পয়েন্টই নয়, গোল ব্যবধানেও বড় সুবিধা পেয়ে যায় ইউরোপের দলটি।

অন্য ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় কলম্বিয়া। ফলে দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট, যা নকআউট পর্ব নিশ্চিত করার জন্য যথেষ্ট।

দুই রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে কলম্বিয়া (৬)। দ্বিতীয় স্থানে পর্তুগাল (৪), আর ডিআর কঙ্গো ও উজবেকিস্তানের সংগ্রহ ১ পয়েন্ট করে।

শেষ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া ও পর্তুগাল। ম্যাচটি জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে পর্তুগাল। ড্র হলে কলম্বিয়া শীর্ষস্থান ধরে রাখবে এবং পর্তুগাল রানার্সআপ হিসেবে নকআউটে যাবে। এমনকি হারলেও পর্তুগালের বিদায় হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ তাদের গোল ব্যবধান এখন অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে।

সবচেয়ে কঠিন সমীকরণ ডিআর কঙ্গোর সামনে। শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারানো ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। ড্র বা হার মানেই বিদায়ের শঙ্কা। তবে জয় পেলেও রানার্সআপ হওয়া নিশ্চিত নয়। সেক্ষেত্রে কলম্বিয়ার কাছে পর্তুগালের বড় ব্যবধানে হার এবং নিজেদের বড় জয়, দুটিই প্রয়োজন হবে।

তবে ডিআর কঙ্গোর জন্য আশা এখনো পুরোপুরি শেষ হয়নি। উজবেকিস্তানকে হারাতে পারলে তাদের পয়েন্ট হবে ৪। তখন সেরা তৃতীয়-স্থানের দলগুলোর একটি হিসেবে নকআউটে ওঠার সুযোগ থাকবে।

অন্যদিকে উজবেকিস্তানের পরিস্থিতি সবচেয়ে নাজুক। পর্তুগালের কাছে ৫-০ গোলের বড় পরাজয়ে তারা গোল ব্যবধানে মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে। ফলে শেষ ম্যাচে জয় পেলেও নকআউটে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ।

গ্রুপ ‘কে’-তে তাই শেষ রাউন্ডের আগে সবচেয়ে স্বস্তিতে রয়েছে কলম্বিয়া। পর্তুগালও নকআউটের দোরগোড়ায়। আর ডিআর কঙ্গো নামছে টিকে থাকার শেষ লড়াইয়ে।

AS
আরও পড়ুন