আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখার রহস্য

আপডেট : ২৬ জুন ২০২৬, ১১:২১ এএম

বিশ্বফুটবলের পরাশক্তি আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে লক্ষ্য করলে একটি বিশেষ সংখ্যা চোখে পড়ে ‘১৮৯৩’। ফুটবল বিশ্বকাপের যাত্রা যেখানে শুরু হয়েছিল ১৯৩০ সালে, সেখানে বিশ্বকাপ শুরুরও ৩৭ বছর আগের এই সালটি জার্সিতে থাকার কারণ নিয়ে অনেকের মনেই কৌতুহল রয়েছে। তবে এটি কোনো রহস্যময় সংখ্যা নয়, বরং এটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) প্রতিষ্ঠাবর্ষ।

উনিশ শতকের শেষভাগে ব্রিটিশ অভিবাসী ও রেলওয়ে কর্মীদের হাত ধরে আর্জেন্টিনায় ফুটবলের প্রচলন হয়। পরবর্তীতে স্কটিশ শিক্ষক আলেকজান্ডার ওয়াটসন হাটনের সক্রিয় উদ্যোগে ১৮৯৩ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় 'আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন ফুটবল লীগ'। এটিই পরে বর্তমানের ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন’ (এএফএ)-এ রূপ নেয়, যা দক্ষিণ আমেরিকার ইতিহাসের প্রথম জাতীয় ফুটবল সংস্থা। বিশ্বের বহু দেশে যখন ফুটবলের প্রাতিষ্ঠানিক রূপই তৈরি হয়নি, তার আগেই আর্জেন্টিনা একটি সুসংগঠিত ফুটবল কাঠামো গড়ে তুলেছিল।

আজকের দিনে আর্জেন্টিনা তিনবারের বিশ্বকাপজয়ী এবং কোপা আমেরিকার সফলতম দল। দিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে লিওনেল মেসি- প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্ব কাঁপানো অসংখ্য কিংবদন্তির জন্ম দিয়েছে এই দেশ। তবে এই সব আকাশচুম্বী অর্জনের মূল ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ১৮৯৩ সালের সেই ঐতিহাসিক উদ্যোগের মাধ্যমেই।

দেশের ফুটবল ঐতিহ্য, শেকড় এবং দীর্ঘ পথচলার গৌরবময় ইতিহাসকে শ্রদ্ধা জানাতেই জাতীয় দলের জার্সিতে এই সালটি ব্যবহার করা হয়। জার্সি প্রস্তুতকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস’-ও বিভিন্ন সংস্করণের জার্সিতে ‘১৮৯৩’ যুক্ত করে সেই ঐতিহাসিক উত্তরাধিকারকে তুলে ধরেছে। আর্জেন্টিনার সমর্থকদের কাছেও এই সংখ্যার আবেগী মূল্য অনেক। জার্সিতে লেখা এই সংখ্যাটি তাদের মনে করিয়ে দেয় যে, তারা ১৩০ বছরেরও বেশি সময় ধরে গড়ে ওঠা এক সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী ফুটবল সংস্কৃতির অংশ।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত