এনআইডি নিয়ে আসছে ইসির নতুন সিদ্ধান্ত

আপডেট : ২৭ জুন ২০২৬, ১১:৫৭ এএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর পর ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিদ্যমান আইন ও বিধিমালায় পরিচয়পত্র নবায়নের বিধান আগে থেকেই থাকলেও, এত দিন তা বাধ্যতামূলক ছিল না। তবে পরিচয় যাচাই আরও নির্ভুল ও হালনাগাদ রাখতে এবার বিষয়টি বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা নিয়ে জোর আলোচনা চলছে কমিশনে।

ইসি কর্মকর্তাদের মতে, ১৫ বছর একটি দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ের ব্যবধানে মানুষের চেহারায় স্বাভাবিকভাবেই নানামুখী পরিবর্তন আসে। এছাড়া কেউ কেউ ইচ্ছাকৃতভাবে নিজের অবয়বে পরিবর্তন আনেন, আবার কেউ কেউ সার্জারির মাধ্যমে জেন্ডার পরিবর্তন করছেন। একই সঙ্গে বয়সের কারণে আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) গুণগত মানও কমে যায়। এর ফলে মাঠপর্যায়ে ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন ধরনের আইনি ও প্রযুক্তিগত জটিলতা সৃষ্টি হচ্ছে। মূলত ফিঙ্গারপ্রিন্ট ও চেহারার এই পরিবর্তনজনিত জটিলতা এড়াতেই এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার এই বড় কড়াকড়ির পথে হাঁটছে কমিশন।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০-এর ধারা ৭(১) অনুযায়ী, একজন নাগরিককে প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। আইনের ২ ধারায় উল্লেখ রয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি পরিশোধের মাধ্যমে কমিশনের কাছে নবায়নের আবেদন করতে হবে।

জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ নম্বর বিধি অনুযায়ী, এনআইডি নবায়নের জন্য প্রত্যেক নাগরিক বা প্রয়োজন অনুযায়ী তার আইনানুগ অভিভাবককে ফরম-৫ পূরণ করে সরাসরি অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি আবেদনের ক্ষেত্রে বিধি ৮-এর উপবিধি (২) অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধের রসিদ সংযুক্ত করতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রেও ফি-এর রসিদ স্ক্যান করে ইলেকট্রনিক পদ্ধতিতে জমা দিতে হবে।

নিয়ম অনুযায়ী, 'জরুরি' আবেদন সরাসরি কমিশনে এবং 'সাধারণ' আবেদন স্থানীয় নির্বাচন কার্যালয়ে জমা দিতে হবে। আবেদন গ্রহণের পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদনপত্রের অংশ ‘ক’ স্বাক্ষর করে আবেদনকারীকে ফেরত দেবেন (অনলাইনের ক্ষেত্রে এটি মোবাইল বা ই-মেইলে পাঠানো হবে)। বিধিমালা অনুযায়ী, জরুরি আবেদন নিষ্পত্তির সময় ৭ দিন এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে ৩০ দিন। এক্ষেত্রে জরুরি নবায়নের ফি ১৫০ টাকা এবং সাধারণ নবায়নের ফি ১০০ টাকা নির্ধারিত রয়েছে।

এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে নবায়নের বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, এই প্রক্রিয়াটি শুরু হচ্ছে। তবে বর্তমানেও কেউ চাইলে যখন-তখন এটি নবায়ন করতে পারেন; কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আবেদন করে নতুন এনআইডি নিচ্ছেন।

বর্তমানে অধিকাংশ নাগরিক কার্ড হারিয়ে বা নষ্ট হয়ে গেলে নতুন কার্ডের জন্য আবেদন করেন। সে ক্ষেত্রে প্রথমবার সাধারণ আবেদন ফি ২০০ টাকা এবং জরুরি ফি ৩০০ টাকা। দ্বিতীয়বার সাধারণ ৩০০ টাকা ও জরুরি ৫০০ টাকা। এরপর প্রতিবার সাধারণ আবেদনের জন্য ৫০০ টাকা এবং জরুরি আবেদনের জন্য ১ হাজার টাকা ফি নির্ধারিত রয়েছে।

সার্বিক বিষয়ে এনআইডি মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা বলেন, বিষয়টি এখনো পর্যালোচনার মধ্যে রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত