জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাহাড়ি জঙ্গলে জ্বালানির লাকড়ি সংগ্রহ করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না জয়নাল আবেদীনের (৬৫)।
নিখোঁজের একদিন পর শনিবার (২৭ জুন) সকালে পাহাড়ি জঙ্গলের ভেতর থেকে তার থেতলানো মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্যহাতির আক্রমণেই তার মৃত্যু হয়েছে।
নিহত জয়নাল আবেদীন উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের মৃত রমিজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে প্রতিদিনের মতো জ্বালানির জন্য লাকড়ি সংগ্রহ করতে সোমনাথপাড়া এলাকার পাহাড়ি জঙ্গলে যান জয়নাল আবেদীন। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
শনিবার (২৭ জুন ) সকালে আবারও স্বজন ও স্থানীয়রা পাহাড়ি জঙ্গলে খুঁজতে গিয়ে সোমনাথপাড়া এলাকার ভেতরে তার থেতলানো মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল বলেন, সীমান্তবর্তী এ এলাকায় প্রায়ই ভারত থেকে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বন্যহাতির পাল বাংলাদেশে প্রবেশ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার সন্ধ্যার কোনো একসময় বন্যহাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশি পিস্তল, গুলি ও ফেনসিডিল উদ্ধার
পাগলা মসজিদের দানবাক্সে ফুটবলপ্রেমীর আবেগঘন চিঠি
১২ দফা দাবিতে ঝিনাইদহে ওজোপাডিকো কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বীজ উৎপাদন খামার ঝিনাইদহে